‘চেষ্টা করছি, আমাদের দ্বারা হচ্ছে না’

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০০:৪৫

নাসুম আহমেদ, মূলত বাঁহাতি স্পিনার। বুধবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে আবুধাবিতে বাংলাদেশের সেরা পারফরমার তিনি। ব্যাটিংয়ে অপরাজিত ১৯ রানের পর বোলিংয়েও ২৬ রানে ১ উইকেট নিয়েছেন তিনি।

নয় নম্বরে নেমে নাসুমই বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। ৯ বলে ১৯ রান করেছেন তিনি। যেখানে ১টি চার ও ২টি ছক্কা ছিল। ব্যাটিং লাইনের লেজের ব্যাটার নাসুমের অবদান দলের স্কোরে এত বড় প্রভাব রাখছে, তাতেই স্পষ্ট ব্যাটিং কতটা ছন্নছাড়া ছিল বাংলাদেশের। ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহর দল। সুপার টুয়েলভ পর্বে এসে টানা দ্বিতীয় ম্যাচ হারলো টাইগাররা।

No description available.

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে হাজির হন নাসুম। তিনি অকপটেই বলেছেন, বাংলাদেশের ক্রিকেটাররা চেষ্টা করছেন ভালো খেলতে, জয় তুলে নিতে, কিন্তু পেরে উঠছেন না। হচ্ছে না তাদের দিয়ে।

উইকেট বাংলাদেশের মতো ছিল না উল্লেখ করে নাসুম সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটা আসলে বাংলাদেশের মতো না। স্পিনাররা টার্ন পায়নি। আমরা চেষ্টা করেছিলাম এই রানে যদি লড়াই করতে পারি। হয় নাই আমাদের দ্বারা।’

No description available.

নাসুম বিশ্বাস করেন, এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব। পরের ম্যাচটি জিতলে, বাকি দুই ম্যাচেও ভালো করা যাবে। তিনি বলেন, ‘আমাদের তিনটি ম্যাচ বাকি আছে। এখান থেকে একটা ক্লিক করতে পারলে বাকি দুইটাও ক্লিক করতে পারবো। আর একটা জিতলে পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাসী হয়ে যাব।’

ম্যাচ জয়ের প্রাণপণ চেষ্টা করছে বাংলাদেশ দল। কিন্তু শেষ পর্যন্ত হারের হতাশা পিছু ছাড়ছে না। নাসুম বলেছেন, ‘প্রত্যেক ম্যাচেই তো আমাদের চেষ্টা থাকে একটা ম্যাচ যাতে বের করতে পারি। অবশ্যই একজন ব্যাটার বা বোলার পারফর্ম করলে জেতার একটা চান্স থাকে। একটা কথা বারবার বলছি, আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না।’

No description available.

বোলিংয়ে ১২৪ রানের পুঁজি নিয়ে লড়াইয়ের চিন্তা করেছিল বাংলাদেশ দল। নাসুম বলেছেন, ‘নামার আগে লক্ষ্য ছিল এই রান যাতে ডিফেন্ড করতে পারি। বাইরে থেকে অনেক কিছু বোঝা যায়। কিন্তু ভেতরে অন্যরকম।’

গরমের ক্লান্তি নয় হারের ধকলই দলটাকে নিষ্প্রাণ করে তুলছে। তবে প্রতিপক্ষের ভয়ে ভীত নয় টাইগাররা। নাসুম বলেছেন, ‘ভয় থাকলে ক্রিকেট হয় না। আমাদের কারো মনে ভয় নেই।’

ইত্তেফাক/টিএ