বিপিএলের কারণে নিউজিল্যান্ড সফরের জন্য কার্যত কোনো প্রস্তুতিই হয়নি। দল হিসেবে অনুশীলন হয়নি। ক্রিকেটাররা কয়েকভাগে নিউজিল্যান্ড গিয়েছেন। সিরিজ শুরুর আগে গোটা দল একটা সেশনই একসঙ্গে অনুশীলন করেছিল নেপিয়ারে। কন্ডিশনের অনভ্যস্ততা, প্রস্তুতির ঘাটতি স্পষ্ট ছিল বাংলাদেশের পারফরম্যান্সে। তারপরও গতকাল নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বড় হারের কারণ মূলত ব্যাটিং ব্যর্থতা। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে সফরকারীদের।
ম্যাকলিন পার্কে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হারের পর ব্যাটিং ব্যর্থতাকেই দুষেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুরুতে দ্রুত উইকেট হারানোর চাপটা বয়ে বেড়াতে হয়েছে ইনিংস জুড়ে। মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিনের প্রতিরোধে লড়াইয়ের পুঁজি এসেছিল। কিন্তু সেটি নেপিয়ারের ছোট মাঠের জন্য পর্যাপ্ত ছিল না। মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে অনায়াস জয়ই পেয়েছে নিউজিল্যান্ড।
ম্যাচের পর পুরস্কার বিতরণীতে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘ব্যাটিং আজকে (গতকাল) ভুগিয়েছে আমাদের। আমরা শুরুতে অনেক বেশি উইকেট হারিয়েছি। ওরা ভালো বোলিং করেছে তবে আমরা একটু বেশিই উইকেট হারিয়েছি।’
মাশরাফির কথায় উঠে এসেছে কন্ডিশনে মানিয়ে নিতে না পারার বিষয়টিও। এই কন্ডিশনে মানিয়ে নিতে অন্তত এক সপ্তাহ সময় প্রয়োজন বলেই মনে করেন ওয়ানডে অধিনায়ক। গতকাল তিনি বলেছেন, ‘আমরা একটু দেরিতেই এসেছি নিউজিল্যান্ডে। এখানে মানিয়ে নিতে কমপক্ষে এক সপ্তাহ সময় প্রয়োজন। তবে এটা কোনো অজুহাত হতে পারে না।’ আগে ব্যাট করে বাংলাদেশ ৪৮.৫ ওভারে ২৩২ রান তুলেছিল। জবাবে ৪৪.৩ ওভারে দুই উইকেটে ২৩৩ রান করে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। সেঞ্চুরিয়ান গাপটিল ম্যাচ সেরা হন।
ক্রাইস্টচার্চে আগামী ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে সেই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। মাশরাফি বলছেন, ব্যাটিংয়ে বড় উন্নতি দরকার। তিনি বলেছেন, ‘ক্রাইস্টচার্চে জিতে সমতা ফেরাতে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে ব্যাটিং নিয়ে। শুরুতে আমরা এতো উইকেট হারিয়ে ফেলতে পারি না। বোলিংয়েও আমাদের উন্নতি করতে হবে। আজকে আমরা খুব একটা ভালো বোলিংও করতে পারিনি।’
আরও পড়ুন: ইরানে আত্মঘাতী হামলায় রেভ্যুলিউশনারি গার্ডের ২৭ সদস্য নিহত
বোলাররা জয়ের সুর বেঁধে দিয়েছেন নিউজিল্যান্ডের। বাংলাদেশকে কম রানে আটকে দিয়েছিলেন তারা। ম্যাচ শেষে অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ‘খুব ভালো পারফরম্যান্স। বোলাররাই প্রথমে সুরটা বেঁধে দিয়েছিল এবং আমরা তা ধরে রেখেছি। তারা লম্বা সময় ব্যাটিং করেছে এবং জীবন কঠিন করে তুলেছিল। তারপর মার্টিনের (গাপটিল) সেঞ্চুরি এবং বাকিদের ভালো অবদান ছিল। আমার ফিল্ডিংয়েও ভালো ছিলাম, আশাকরি এটা ধরে রাখবো।’
ভারতের বিরুদ্ধে হোম সিরিজের পরপরই বাংলাদেশের সঙ্গে খেলতে নামলো ব্ল্যাক ক্যাপসরা। উইলিয়ামসন এ প্রসঙ্গে বলেন, ‘এটা আসলে নিজেদের মৌলিক বিষয়গুলোতে ফিরে যাওয়া এবং আজকের (গতকাল) দিনটা তারই একটা উদাহরণ।’ ম্যাচ সেরা গাপটিল অপরাজিত ছিলেন ১১৭ রান করে। ম্যাচের পর তিনিও কৃতিত্ব দিয়েছেন দলের বোলারদের। তিনি বলেছেন, ‘দেখতে ভালো লেগেছে যে বোলাররা বাংলাদেশকে কম রানে আটকে রেখেছিল। জিততে দেখাটা খুব ভালো।’
ইনজুরি থেকে ফিরেই সেঞ্চুরি করলেন গাপটিল। রান পেয়ে তৃপ্ত তিনি। অভিজ্ঞ এই ওপেনার বলেছেন, ‘অনেক সময় বিরতি সাহায্য করে, অনেক সময় না। রান পেয়ে ভালো লাগছে।’
ইত্তেফাক/কেআই
