স্কটল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভেও স্বপ্নযাত্রা অব্যাহত নামিবিয়ার

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৩:২৯

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ে চলেছে নামিবিয়া। বাছাই পর্বে টেস্ট খেলুড়ে দল আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাসে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পায় আফ্রিকার দেশটি। প্রথম পর্ব পেরিয়ে মূল পর্বে উঠে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করল এরাসমাসবাহিনী। শুধু তাই নয়, নন টেস্ট প্লেয়িং দেশ হিসেবে টানা তিনটি ম্যাচ জিতলো তারা। 

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে নামিবিয়া। বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রানেই থামে স্কটিশদের ইনিংস। জবাবে ৬ উইকেট হারালেও ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় নামিবিয়ানরা। অথচ প্রথম পর্বে এই স্কটল্যান্ডের কাছেই হেরে প্রথম পর্ব থেকেই বাদ যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। 

লক্ষ্য তাড়ায় নেমে নামিবিয়ার উদ্বোধনী জুটিতে আসে ২৮ রান। নামিবিয়ার ওপেনার মাইকেল ভ্যান লিংগেন ১৮ রান করে বিদায় নেন। এরপর জেন গ্রিন (৯) ও অধিনায়ক এরাসমাস (৪) বেশিক্ষণ টিকতে না পারলেও ওপেনার ক্রেইগ উইলিয়ামস (২৩) ও অভিজ্ঞ ডেভিড ভিসে (১৬) লক্ষ্যটাকে হাতের নাগালের বাইরে যেতে দেননি। শেষদিকে ফ্রাইলিঙ্ক (২) সঙ্গ দিতে ব্যর্থ হলেও ২৩ বলে ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩২ রান করে ম্যাচ বের করে নেন জেজে স্মিট।  

বল হাতে ২ উইকেট নিয়েছেন স্কটল্যান্ডের মাইকেল লিস্ক। ১টি করে উইকেট গেছে ব্র্যাড হুইল, সাফিয়ান শরিফ, ক্রিস গ্রিভস এবং মার্ক ওয়াটের দখলে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মহাবিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড।  প্রথম ওভারেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পরে তারা। এরপর ডেভিড ওয়াইজের বলে ক্রেইগ ওয়ালেস (০) এলবিডব্লিউ হলে ১৮ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে স্কটল্যান্ড। ছয় নাম্বারে নামা মাইকেল লিস্কের ৪৪ রান আর ক্রিস গ্রেভসের করা ২৫ রানে ১০০ রান পার করে রিচার্ড বেরিংটনের দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড। 

নামিবিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল রোবেন ট্রাম্পলম্যান। ১৭ রানে নিয়েছেন ৩টি উইকেট। ১০ রানে ২ উইকেট শিকার জ্যান ফ্রাইলিংকের।

ইত্তেফাক/ইআ