৩৪ বছরে এমন লজ্জার রেকর্ড বার্সার এই প্রথম

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৪:০১

বার্সেলোনার যে কী হয়েছে তা হয়তো সমর্থকদের পাশাপাশি দলটির খেলোয়াড়রাও ঠিক বুঝতে পারছে না। চলতি মৌসুমে একের পর এক ম্যাচ পরাজয়। সেটা চ্যাম্পিয়নস লিগ হোক অথবা লা লিগা কিংবা কোপা দেল রে। সব টুর্নামেন্টে একই ফল!

বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাতে লা লিগায় রায়ো ভ্যালেকানোর মুখোমুখি হয় বার্সেলোনা। রায়োর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হেরেছে রোনাল্ড কোম্যানের শীর্ষ্যরা। এই পরাজয়ের মধ্য দিয়ে লিগ টেবিলে আরও এক ধাপ নিচে নেমে গেলো কাতালান ক্লাবটি। বর্তমানে তাদের অবস্থান নয় নম্বরে। অন্যদিকে, রায়ো ভ্যালেকানো পাঁচ নম্বরে।

Image

ম্যাচের পুরোটা সময় আধিপত্য বিস্তার করেছিল বার্সা। ৬৯ শতাংশ সময় বল তাদের দখলে ছিল। এমনকি গোলপোস্টে শট ও কর্নারও পিকেদের বেশি। সংখ্যাটা ১৬ ও ৭। কিন্তু টার্গেট বরাবর শট নিতে পেরেছে মাত্র একটি। অপরদিকে, ১৩টি শটের মধ্যে ৩টি টার্গেট এবং একটি সফল হয়েছে রায়োর। তারা কর্নারও পেয়েছে অনেক কম, মাত্র ৩টি।

ম্যাচের ৩০ মিনিটের সময় বার্সা মিডফিল্ডার সার্জিও বুসকেটের কাছ থেকে বল দখলে নেন অস্কার ট্রিজো। সেখান থেকে কলম্বিয়ান ফরোয়ার্ড রাদামেল ফ্যালকাওকে পাস দেন। আর মুহূর্তের মধ্যেই সেটিকে জালে পাঠিয়ে দেন ফ্যালকাও। এরপর আর স্কোর করতে পারেনি।

Image

অবশ্য, ৭২ মিনিটের সময় বক্সের ভেতর বার্সা ফরোয়ার্ড মেমফিস ডিপে'কে ফাউল করে বসেন অস্কার ভ্যালেন্টিন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ডাচ তারকা ডিপে। তার শটটি দুর্দান্তভাবে ফিরিয়ে দেন রায়ো গোলকিপার স্টল দিমিত্রিভস্কি।

ম্যাচ শেষে পুরো দায়ভার নিজের কাঁধে নিয়েছেন সার্জিও বুসকেট। বার্সা অধিনায়ক বলেন, ‘আমি ভুল করেছি এবং এর পুরো দায়ভার নিচ্ছি।’ দ্রুত সময়ের মধ্যে সম্পূন্ন টিম হিসেবে পুরনো রুপে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

১৯৮৭ সালের পর এই প্রথম পরপর তিনটি অ্যাওয়ে ম্যাচে কোনো গোল না করেই পরাজিত হয়েছে বার্সেলোনা। এর আগে গত রবিবার ঘরের মাঠ নু ক্যাম্পেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে কাতালুনিয়ানরা।

ইত্তেফাক/টিএ