৪৩ বছরের মধ্যে বায়ার্নের সবচেয়ে বড় হার

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৪:৩৯

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের জালে প্রায় প্রতিটি ম্যাচেই গোল বন্যা বয়ে দিচ্ছে। এর মাঝেই এবার পরাজয়ের স্বাদ গ্রহণ করলো জার্মান জয়ান্টরা। অবশ্য, কেবল পরাজয় বললে ভুল হবে। তারা যে ক্লাবটির ইতিহাসে গত ৪৩ বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে পরাজিত হয়েছে!

বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাতে জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বরুশিয়া মনচেংগ্লাডবাখের মুখোমুখি হয় বায়ার্ন। শেষ পর্যন্ত ৫-০ গোলের ব্যবধানে হেরেছে ক্লাবটি। ১৯৭৮ সালের পর এই প্রথম এত বিশাল ব্যবধানে হারলো বায়ার্ন মিউনিখ।

ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই মনচেংগ্লাডবাখকে এগিয়ে নেন কাউদিও কোনে। তার এই গোলে সহায়তা করেন ব্রিল এমবোলো। এরপর ১৫ মিনিটের সময় জোনাস হফম্যানের বাড়িয়ে দেওয়া বলে দলের স্কোর দ্বিগুণ করেন রামি বেনসেবাইনি। ২১ মিনিটে একটি পেনাল্টিও পেয়ে যান তিনি এবং গোল ব্যবধান ৩-০ করেন। দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৭ মিনিটে বাকি দুটি গোল করেন এমবোলো।

Image

এমন পরাজয়ে সম্পূর্ণ হতবিহব্বল বায়ার্ন। ক্লাবটির স্পোর্টস ডিরেক্টর ও সাবেক খেলোয়াড় হাসান সালিহামিদজিক এআরডি'কে বলেন, ‘আমি একেবারে হতবাক। সোজাকথায় আমরা ঘুরে দাঁড়াতেই পারিনি। আমরা সেখানে (খেলায়) ছিলাম না। প্রথমার্ধ জুড়ে আমরা একটি ট্যাকল বা চ্যালেঞ্জও জিততে পারিনি।’

Image

পুরো ম্যাচে টার্গেটে ৭টি শট নিয়েছে মনচেংগ্লাডবাখ। এর মধ্যে পাঁচটিই গোলে পরিণত হয়েছে। অন্যদিকে, সর্বোচ্চ ৮টি শট নিয়েও সবগুলোতে ব্যর্থ বায়ার্ন। এমনকি তাদের কাছে ৬২ শতাংশ সময় বল দখলে ছিল। তবুও লজ্জার রেকর্ডের মুখে পড়তে হলো দলটির।

ইত্তেফাক/টিএ