অজিদের ‘দুশ্চিন্তার’ কারণ টপ অর্ডার

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৪:৩৯

সুপার টুয়েলভে দুই গ্রুপের মধ্যে গ্রুপ-১ কেই বেশি কঠিন বিবেচনা। তাই আজ (২৮ অক্টোবর) অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা যে-ই জিতুক না কেন, সেমিফাইনালে জায়গা দখল করতে জোর দাবি রাখবে তারা। কেননা, দুই দলই নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করেছে। তবে অস্ট্রেলিয়া থেকে লঙ্কানদের জয়টা তুলনামূলক সহজই ছিল।

টি-টোয়েন্টি বিশকাপ দিয়ে ইনজুরি থেকে ক্রিকেটে ফিরেছিলেন অ্যারন ফিঞ্চ। কিন্তু ফেরাটা সুখকর হয়নি অজি অধিনায়কের। প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়ার বলে ফেরেন শূন্য হাতেই। ওদিকে ডেভিড ওয়ার্নারও নেই তার চেনা ছন্দে। তাই টপ অর্ডারে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার কারণটা বেড়েই চলেছে। দুবাইয়ে অজিদের সেই দুর্বলতার সুযোগই নিতে চাইবে শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

Image

তবে ওয়ার্নার এত সহজেই ছেড়ে দিচ্ছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৪ রান করা এই ওপেনার বলেন, ‘আসলে আমি, মানে আমার ফর্ম নিয়ে যা কথা উঠছে হাস্যকর। আমি বিষয়টা নিয়ে হাসছি। কারণ, দিন শেষে আমি ক্রিকেট কমই খেলেছি এবং এরপর আইপিএলে খেললাম দুই ম্যাচ। আমার মনে হচ্ছে আমি ভালো ছন্দে আছি, নেটে বেশ ভালোই হিট করছি। এর চেয়ে ভালোভাবে প্রস্তুত হতে পারি না। আগের ম্যাচে আমার মনে হয়েছিল, ভালো ইনিংস থেকে শুধু একটি বাউন্ডারি দূরে ছিলাম আমি।’

টপ অর্ডার ফর্মের বাইরে থাকলেও মিডল অর্ডার ও বোলিংয়ে বেশ শক্ত অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটের জয়টা মেলে তাদের পারফরম্যান্সে। তা সামলাতে অবশ্য প্রস্তুতই রয়েছে শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডে টানা তিন জয়ের পর বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে দাসুন শানাকার দল।

আগের ম্যাচে বিবর্ন থাকা ভানিন্দু হাসারাঙ্গা তার গুগলি দিয়ে বিভ্রান্ত করতে পারেন অজি ব্যাটসম্যানদের। তাছাড়া ইনজুরি কাটিয়ে ফের একাদশে ফিরতে পারেন রহস্য স্পিনার মাহিশ থিকশানা। প্রথম রাউন্ডে যার দুর্দান্ত বোলিংয়ের সামনে জবাবহীন ছিলেন ব্যাটাররা। আর ব্যাটিংয়ে কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষেরা তো আছেনই। বাংলাদেশের বিপক্ষে ৪৯ বলে ৮০ রানের পর আসালাঙ্কার নিশ্চয়ই ধারাবাহিকতা চাইবে লঙ্কানরা। তাই অজিদের ম্যাচে দাপট রাখতে হলে শুরুতেই আঘাত হানতে হবে আগের ম্যাচের মতো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুবাইয়ের উইকেটে সফল হয়েছে পরে ব্যাট করা দলই। শিশির থাকলেও রাতের ম্যাচে তা আবুধাবি ও শারজার মতো প্রভাব ফেলবে না।

ইত্তেফাক/টিএ