ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে হোল্ডার

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৯:১৫

ইনফর্মে ছিলেন তারপরও সুযোগ পাননি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। আইপিএলে এসে বজায় রাখেন ধারাবাহিকতা। কিন্তু তারপরও কোনো পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ। অবশেষে ওবেড ম্যাকয়ের ইনজুরি কপাল খুলে দিলো জেসন হোল্ডারের। রিজার্ভ সদস্য হিসেবে আগে থেকেই দলের সঙ্গে ছিলেন তিনি।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শুধু ইংল্যান্ড ম্যাচেই খেলেছেন ম্যাকয়। ১২ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন বাহাতি এই পেসার। এরপর ডান পায়ের ইনজুরিতে শেষ হয়ে যায় তার টুর্নামেন্ট।

হোল্ডারকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচক রজার হারপার বলেন, 'হোল্ডার আগে থেকেই আরব আমিরাতে আছে এবং দলের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নেবে। সে অভিজ্ঞ ও জ্ঞানী ক্রিকেটার, যে সুযোগ কেড়ে নিতে আগ্রহী বলেই আমরা জানি।'

বিশ্বকাপে এর আগে ইনজুরির কারণে ফ্যাবিয়ান অ্যালেনকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ইত্তেফাক/টিএ