ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৭:৩১

পূর্ব ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন। সময়সূচি ধরেই সাংবাদিকরা পৌঁছে যান স্টেডিয়ামে। কিন্তু নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে হুট করেই জানা গেল বাংলাদেশ দলের অনুশীলন বাতিল করা হয়েছে। অনুশীলনই করবে না দল।

সুপার টুয়েলভ পর্বে টানা দুই হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ (২৯ অক্টোবর) বাঁচা-মরার ম্যাচ। বিশ্বকাপে টিকে থাকতে হলে জিততেই হবে। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন থেকে দূরে থাকলো মাহমুদউল্লাহ-সাকিবরা। এমনকি হঠাৎ এই সিদ্ধান্ত দেখে আইসিসির মিডিয়া ম্যানেজাররা বিস্মিত। দ্রুতই স্টেডিয়াম ছাড়তে হয় সাংবাদিকদের।

No description available.

পরে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে হাজির হন নুরুল হাসান সোহান। তরুণ এ উইকেটকিপার-ব্যাটার জানিয়েছেন, ম্যাচটার গুরুত্ব পুরো দলই জানে। টিকে থাকতে হলে জয় প্রয়োজন। আরাধ্য সেই জয়ের জন্যই আজ খেলবে বাংলাদেশ দল। সোহানের মতে, সমালোচনাসহ সবকিছুই থামিয়ে দিতে পারে একটা জয়। শারজাহতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।

গতকাল (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে সোহান বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ক্লোজ একটা ম্যাচ হেরেছি। আমার মনে হয় টুর্নামেন্টে টিকে থাকতে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি। প্রতিটা ম্যাচে আমরা যেভাবে জেতার জন্য চেষ্টা করি, যেভাবে শতভাগ দিয়ে খেলার চেষ্টা করি, এই ম্যাচেও সেভাবেই চেষ্টা করবো।’

No description available.

উইন্ডিজরা বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু তাদের অবস্থানও এবার বিশ্বকাপে ভালো নয়। টি-টোয়েন্টির কার্যকর সব ক্রিকেটারে ঠাসা ক্যারিবিয়ানরা ইতিমধ্যে বাংলাদেশের মতো দুটি ম্যাচ হেরে ব্যাকফুটে আছে। সোহানের আশা, খারাপ সময়ে অতীতের মতোই ঘুরে দাঁড়াবে দল।

তিনি বলেছেন, ‘আমার মনে হয়, টি-টোয়েন্টিতে ছোট বা বড় দল নেই। নিজেদের দিনে যারা ভালো করবে তারাই জিতবে। আর আমার মনে হয়, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগেও দেখেছি, বাংলাদেশ দলের খারাপ সময় এসেছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। এবারও সেভাবে আসতে পারে। আমরা কেবল একটা ম্যাচ জেতার জন্য অপেক্ষা করছি।’

No description available.

উইন্ডিজদের বিপক্ষে শতভাগ উজাড় করে লড়তে চায় বাংলাদেশ। সোহান বলেছেন, ‘ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে সবাই নিজের শতভাগ দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।’

টানা দুই হারে সেমিফাইনালের স্বপ্ন ধূসর হয়ে গেছে। এখন আজকের ম্যাচ জয়ের দিকেই সবার নজর। বর্তমান অবস্থা থেকে সেমির স্বপ্ন দেখা যায় কি না, প্রশ্নে সোহান বলেন, ‘এখন সব থেকে বড় যে জিনিসটা তা হলো টুর্নামেন্টে টিকে থাকতে গেলে উইন্ডিজের সঙ্গে ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ। এখন আমাদের সবার ফোকাসটা এই ম্যাচ নিয়েই। যেহেতু আমরা প্রথম দু'টা ম্যাচ হেরেছি, আমরা অবশ্যই একটু ব্যাকফুটে আছি।’

ইত্তেফাক/টিএ