রাজশাহীর পবার মুরালিপুরে ট্রলি চাপায় বৃদ্ধ মঞ্জুর ঘোষ (৭৫) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত কুসাই ঘোষের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
দামকুড়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, মঞ্জুর ঘোষ নিজ বাড়ি থেকে রাস্তা পার হয়ে চায়ের দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রলি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
অন্যদিকে বুধবার রাত ৯ টায় পুঠিয়ায় ট্রাক চাপায় মোবাইল ব্যবসায়ী রফিকুল ইসলাম মিটু (৩০) নিহত হয়েছেন। তিনি উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার বাসিন্দা।
আরো পড়ুন: খুলনায় ফেনসিডলসহ পুলিশ কর্মকর্তার ছেলে গ্রেফতার
পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন আহমেদ বলেন, বুধবার রাতে ট্রাক চাপায় রফিকুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক ও চালক আটক হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
