বিশ্বকাপে হ্যাটট্রিক স্মরণীয় করতে পারলেন না হাসারাঙ্গা

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২০:৩০

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন লঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গা ডি সিলভা। শনিবার (৩০ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি।

দলীয় ১৫ ও নিজের তৃতীয় ওভারের শেষ বলে মারকামের উইকেট তুলে নেন হাসারাঙ্গা। দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করে দেন। এরপর ১৭তম ও নিজের শেষ ওভারের প্রথম দুই বলে ফিরিয়ে দেন টেম্বা ভুবামা ও প্রিটোরিয়াসকে। এর মধ্য দিয়ে হ্যাটট্রিক পূর্ণ হলো তার। পাশাপাশি শ্রীলঙ্কার জয়ের একটি সম্ভাবনাও জাগিয়ে তুলেন।

তখন দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার হয় ১৬ বলে ৩৩ রান। কিন্তু আর উইকেট হারাতে দেননি ডেভিড মিলার ও রাবাদা। ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তারা। সুপার টুয়েলভে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আইরিশ বোলার কার্টিস ক্যাম্পার। তিনি টানা চার বলে চারটি উইকেট নেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন। এই তালিকায় হাসারাঙ্গা তৃতীয় ও েশষ। পাশাপাশি শ্রীলঙ্কার প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন এই স্পিন অলরাউন্ডার।

ইত্তেফাক/টিএ