এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে উজবেকিস্তানের কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অবশ্য গ্রুপ পর্বের এই ম্যাচে হারলেও পয়েন্ট ধরা হবে না। কারণ, স্বাগতিক উজবেকিস্তান এমনিতেই সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে।
বাংলাদেশ মাঠে নামার আগে উজবেকিস্তানের ম্যাচটিকে প্রীতি ম্যাচ হিসেবে খেলতে নেমেছিল। হারবে সেটা জানা কথাই। কারণ, ওরা অনেক বেশি শক্তিশালী। ফিফার র্যাংকিংয়ে উজবেকিস্তান ৮৪ নম্বরে। বাংলাদেশের স্থান ১৮৭। পার্থক্য ১০৩ ধাপ। উজবেকিস্তানের বিপক্ষে লড়াইটা ছিল সৌদি আরবের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি।

আগামী মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে ডি গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে পজিটিভ ফুটবল খেলতে শুরু করেছিল বাংলাদেশ। খেলা শেষে কোচ মারুফুল হক বলছিলেন, আমাদের ছেলেরা পজিটিভ ফুটবল খেলতে শুরু করেছিল। কিন্তু কিছু ছোট খাটো ভুলের কারণে ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে।’

প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল হজম করেন। তিনি বলেন, ‘দুই গোল হজম করার পর আর ম্যাচে ফিরতে পারিনি। আমাদের দলে কিছু তরুন ফুটবলার আছেন, যাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। আর হারের তৃতীয় কারণ হচ্ছে এখানে প্রচুর ঠান্ডা। এই আবহাওয়ায় খেলে আমাদের খেলোয়াড়রা অভ্যস্ত না। প্রচুর ঠান্ডা। অক্সিজেন নিতে পারছিল না আমার খেলোয়াড়রা। আমি বলব না এই কারণেই হেরেছে। অনেক কারণই ছিল ম্যাচে ৬ গোল হজম করার পেছনে।’

প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল। কুয়েতের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলেছে। সেই ম্যাচের পরিকল্পনা অনুযায়ী উজবেকিস্তানের ম্যাচে কোচ মারুফুল হকের পরিকল্পনা ছিল প্রতিপক্ষের আক্রমন থামিয়ে দেওয়া। মারুফুল হক বলেন, ‘আমাদের খেলোয়াড়রা ব্লক করতে পারেনি মনোযোগ হারিয়েছে।’
এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা ১১টি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ চ্যাম্পিয়ন ১১ দল এবং সঙ্গে সেরা ৫ রানার্সআপ দল চূড়ান্ত পর্বে উঠবে। বাংলাদেশ সেরা রানার্সআপের জন্য লড়াই করছে।
ইত্তেফাক/টিএ
