আল মাহমুদের মরদেহ বাংলা একাডেমিতে, জানাজা বায়তুল মোকাররমে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৯

শ্রদ্ধা নিবেদনের জন্য কবি আল মাহমুদের মরদেহ বাংলা একাডেমিতে নেয়া হয়েছে। আজ শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে একাডেমির নজরুল মঞ্চে তাঁর মরদেহ রাখা হয়। সেখান থেকে বাদ জোহর বায়তুল মোকাররমে নেয়া হবে মরদেহ। সেখানেই বাদ যোহর হবে তাঁর নামাজে জানাজা। 

গত রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

এদিকে আল মাহমুদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অনুমতি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে আবেদন করেছেন কবি পরিবারের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, তারা অনুমতির জন্য এসেছেন। উপাচার্য এখনও সিদ্ধান্ত জানাননি।

আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডেতেও ৮ উইকেটের হার বাংলাদেশের

একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক তিনি। কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।

ইত্তেফাক/কেআই