কাউখালী উপজেলায় স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্তের দায়ে হাফিজুর রহমান সরদার (১৯) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের সুলতান সরদারের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার কাউখালী-বেকুটিয়া সড়কের নিলতী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে প্রায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে হাফিজুর উত্ত্যক্ত করতেন। শনিবার ওই শিক্ষিকাকে পুনরায় উত্ত্যক্ত করলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে হাফিজকে আটক করে।
আরো পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩
পরে, ইউএনও ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
