রংপুর মহানগরীতে ৩৫ হাজার অবৈধ অটোরিকশা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৪

রংপুর মহানগরীর সিটি কর্পোরেশন শহরে ৪ হাজার ৮০০ বৈধ লাইসেন্সের বিপরীতে প্রতিদিন প্রায় ৩৫ হাজারের বেশি অটোরিকশা চলাচল করে। নগরীর সড়কে পাবলিক কাচারী বাজার থেকে প্রেস ক্লাব পর্যন্ত ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়ছে নগরবাসী।

রংপুর মহানগরীর মডার্ন মোড়, পার্কের মোড়, কলেজ রোড, লালবাগ, শাপলা চত্বর, গ্রান্ড হোটেল মোড়, জাহাজ কোম্পানি মোড়, সুপার মার্কেট ট্রাফিক মোড়, সিটি বাজার মোড়, কাচারী বাজার জিরো পয়েন্ট, মেডিকেল মোড়, সাতমাথা মোড়, মাহিগঞ্জ, কেন্দ্রীয় বাস টার্মিনাল রোডে প্রতিদিনই কোনো না কোনো সময় যানজটে আটকা পড়তে হচেছ নগরবাসীকে।  

রংপুর নগরীর প্রধান-প্রধান সড়কগুলোর দুধারের পুরোটাই অটোরিকশা আর হকারদের দখলে চলে গেছে। এসব দখলমুক্ত করতে এবং অবৈধ অটোরিকশার লাগাম টেনে ধরতে পুলিশ ও নগরপিতার ব্যর্থতাকে দায়ী করছেন নগরীর সাধারন মানুষ।

নগরীর শালবন এলাকার এমদাদুল হক জানান, রংপুরে এখন হাজার হাজার অটোরিকশা চলছে। শহরের পাশাপাশি পাশের উপজেলাগুলো থেকেও এখানে অটোরিকশা আসছে ভাড়া মারতে। প্রতিদিন নগরীর প্রধান সড়কসহ অলিগলির সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। বাসা থেকে বের হয়ে ভালোভাবে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে।

নগরবাসী সাইদুল, কামাল, হিরু, সাইফুল বলেন, ‘রংপুর সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ চাইলে সব কিছু করতে পারে। কিন্তু তারা সমস্যা নিরসনের জন্য কিছু করছে না।’

রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম জানান, ‘নগরীর অধিকাংশ অটোরিকশার চালক অদক্ষ ও অযোগ্য। বেপরোয়া অটোরিকশার কারণে দুর্ঘটনা ঘটছে। যা সিটি কর্পোরেশনসহ আইন প্রয়োগকারী সংস্থা দেখেও না দেখার ভান করে যাচ্ছে। আমরা সাংবাদিকরা পুলিশের নগর কমিশনার ও মেয়রকে আলাদা আলাদাভাবে বলেছি, এর সমাধান করতে। কিন্তু তা করা হয়নি।’

রংপুর জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার কবির সুমন বলেন, ‘অবৈধ অটোরিকশা কমাতে আমরা একাধিকবার সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব না দেওয়ায় লাইসেন্সবিহীন অটোরিকশার নগরীতে পরিণত হয়েছে রংপুর মহানগরী।’

রংপুর সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার কর্মকর্তা হাসান গোর্কি বলেন, ‘রংপুরে অটোরিকশার লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে। নতুন করে আর কোনো লাইসেন্স ইস্যু হয়নি। বিগত সময়ের দেয়া ৪ হাজার ৮০০ লাইসেন্সই বহাল রয়েছে।’

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, ‘নগরীতে অবৈধ অটোরিকশার চলাচল বন্ধে আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এই অবস্থার পরিবর্তন আসবে। নগরীর প্রধান সড়কগুলোতে গণপরিবহন সেবা চালুর জন্য মোটর মালিক সমিতির সঙ্গে কথা বলেছি।’

আরও পড়ুনঃ পুত্রের চিকিৎসার খোঁজ নিতে এসে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে লাশ হলেন পিতা

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, ‘মহানগরীর ফুটপাত দখলমুক্তসহ যানজট নিরসনে আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। নগরীতে অবৈধ যানবাহনের প্রবেশ নিষেধ ও দখলে রাখা ফুটপাত পথচারীদের ব্যবহারে ছেড়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু