বিনামূল্যে নাক-কান-গলার চিকিৎসা সেবা শুরু আদ-দ্বীন হাসপাতালে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩০

বিনামূল্যে নাক-কান-গলার চিকিৎসা সেবা দিচ্ছে আদ-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কথা বিবেচনা করে শনিবার রাজধানীর পোস্তগোলায় শতাধিক রোগীর চিকিৎসার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আদ-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

এ সময় আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দীন, আদ-দ্বীন ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন অ্যান্ড রেগুলেটরি এ্যাফেয়ার্স আনোয়ার হোসেন মুন্সী, আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আফিকুর রহমান, বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু উবায়েদ মহসিন, আদ-দ্বীন হাসপাতালসমূহের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন, আদ-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, উপ-পরিচালক ডা. মাহফুজা জেসমিন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: বিয়ের উপহার হিসেবে মোদির পক্ষে ভোট চাইলেন বরের বাবা

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, আদ দ্বীন হাসপাতাল সূচনালগ্নেই সেবাধর্মী মনোভাব নিয়ে যাত্রা করে। হাটি হাটি পা পা করে আজ বৃহৎ পরিসরে বিস্তৃতি লাভ করেছে। এ বছর সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে আদ দ্বীনের সেবা কার্যক্রম পৌঁছে দিতে আমরা বর্ষব্যাপী বিনামূল্যে বিভিন্ন বিভাগের মাধ্যমে চিকিৎসা সেবা চালু রাখব। আদ-দ্বীনের ব্রত হচ্ছে, সকলের সাধ্যের মধ্যে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা।

আদ-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দীন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বহির্বিভাগে এ চিকিৎসা সেবা ও অপারেশনের জন্য রোগী বাছাই করা হবে। বাছাইকৃত রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে। ভর্তি রোগীর অপারেশন, পরীক্ষা-নিরীক্ষা ও থাকা-খাওয়ার সম্পূর্ণ খরচ হাসপাতাল বহন করবে।

উল্লেখ্য, আদ-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে প্রতি মাসে বিভিন্ন বিভাগের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গত ১৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়েছে। এতে প্রায় চার হাজার রোগীর বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়। এ সময় ৪৮৮ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়। এছাড়াও ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফিজিওথেরাপি বিভাগে বিনামূল্যে ৩ হাজার ৪৮ জন রোগীকে ফিজিওথেরাপি দেওয়া হয়।

ইত্তেফাক/বিএএফ