আখাউড়া থানার সেই বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদারকে অবশেষে ক্লোজ করা হয়েছে। সীমান্তে চোরাকারবারিদের সহযোগিতা ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে শনিবার রাতেই তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
জানা যায়, আখাউড়া থানায় ২০১৫ সালের ২১ অক্টোবর যোগদান করার পর বেপোরোয়া হয়ে উঠেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার। ক্রস ফায়ায়ের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাশপাশি সীমান্তবর্তী এই থানার একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নে শতাধিক স্থান থেকে মাসে প্রায় কোটি টাকা মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে।
মোশাররফ হোসেন তরফদার জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক না। জনস্বার্থে আমাকে বদলি করা হয়েছে। এছাড়া আখাউড়া থানায় তো অনেকদিন চাকরি করলাম।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, মোশাররফ হোসেন তফরদারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
