লক্ষ্মীপুরের রামগঞ্জে জননী বাসচাপায় ট্রলি চালক রাশেদ আলমের (২৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার কচুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ আলম একই উপজেলার সমেষপুর গ্রামের হতদরিদ্র কৃষক বাবুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটায় বেগমগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী জননী পরিবহনের বাস (নোয়াখালী জ-০৫০০২৩) রামগঞ্জ কচুয়া বাজারে একই দিক থেকে আসা ইট বোঝাই ট্রলিচালক রাশেদ আলমকে চাপা দিলে রাশেদ আলম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসটি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগীতায় বাস আটক করা হয়। কিন্তু বাসের চালক পালিয়ে যায়।
আরও পড়ুনঃ রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হচ্ছে
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাস চালককে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ইত্তেফাক/নূহু
