জোভানের গল্পের নায়িকা ফারিণ

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০২:৫৭

অভিনয়শিল্পীদের অনেকেই এখন নাটকের গল্প ও চিত্রনাট্য লিখা শুরু করেছেন। সেই তালিকায় এবার নতুন করে যোগ হলো অভিনেতা ফারহান আহমেদ জোভানের নাম। এর আগে তার গল্পভাবনায় নাটক নির্মিত হলেও, এবার তিনি প্রথমবারের মত চিত্রনাট্য লিখেছেন। নাটকের নাম ‘আমার বার্থ ডে’। নাটকটি পরিচালনা করেছেন সহিদ উন নবী।

গেলো তিন দিন ধরে রাজধানীর পুরান ঢাকায় নাটকটির শুটিং চলছে। নাটকটির গল্পের নায়ক অভিনেতা জোভান নিজেই, আর নায়িকা তাসনিয়া ফারিণ। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, মনুরা মিঠু, রেশমি, তানজিম হাসান অনিক, মানতাহা ওয়ার্দা প্রমুখ।

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘গল্পটা খুবই সুন্দর, জোভান যখন আমার সঙ্গে শেয়ার করলো তখন আমি তাকে সাধুবাদ জানাই। একজন শিল্পী যখন তার অভিনয়ের বাইরে নতুন একটা বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করে; সেটা অবশ্যই ভালো দিক। অভিনয়ের ব্যস্ততার বাইরে গিয়েও গল্প নিয়ে ভাবা, লেখা কিন্তু অনেক কষ্টসাধ্য। তারপরও সে সেটা করছে। কেউ যদি তার অন্য একটা গুণ এক্সপ্লোর করতে চায় তাহলে সেটা তো খুবই ভালো। প্রথম গল্প, চিত্রনাট্য হিসেবে জোভান সেটা খুব ভালো লিখেছে। খুবই ইন্টারেস্টিং। আমি তার সেই গল্পের একটা অংশ হতে পেরেছি এবং চেষ্টা করছি কাজটিকে আরও বেশি সুন্দর করার।’

জোভানের গল্পের নায়িকা ফারিণ

নাটকটির গল্পকার ও চিত্রনাট্যকার জোভান বলেন, ‘এই গল্পটা মাথায় আসে আমার জন্মদিনে, যখন আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম তখন। তখন এই গল্পটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, আমার প্ল্যান শুনে ওরা বেশ খুশি হয়েছে। এরপর আমি সংলাপ, দৃশ্যগুলো বলি, আমার বন্ধুরা সেভাবে লিখতে শুরু করে। এরপর সেই স্ক্রিপ্টটা পরিচালক সহিদ উন নবীর সঙ্গে শেয়ার করার পর উনার বেশ পছন্দ হয়, এরপর শুটিংয়ে নেমে পড়ি। গল্পটা আসলে ‘আমার ২৫তম জন্মদিনকে ঘিরে।

পথিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘আমার বার্থ ডে’ নাটকটি ২২ অক্টোবর একুশে টেলিভিশনে এবং ২৫ অক্টোবর গ্লোবাল টিভিতে প্রচারে আসবে।

ইত্তেফাক/বিএএফ/এনএজেডএন