চট্টগ্রাম যুদ্ধ সমাধিতে ভারতীয় হাই কমিশন, ঢাকার প্রতিনিধিরা এবং চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনার দ্বিতীয় বিশ্বযুদ্ধে কমনওয়েলথ দেশগুলোর হয়ে লড়াই করে মৃত্যুবরণকারী ভারতীয় সৈন্যদের শ্রদ্ধা জানিয়েছেন।
ভারতীয় হাইকমিশন, ঢাকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের গভীর নৌবন্দর আরাকানে অপারেশন পরিচালনার জন্য একটি উৎকৃষ্ট ঘাঁটি এবং একটি উল্লেখযোগ্য হাসপাতাল কেন্দ্র ছিল।
মূলত হাসপাতালের মৃতদের জন্য তৈরি সমাধিস্থলটি বেশ কয়েকটি বিচ্ছিন্ন স্থান থেকে মৃতদেহ সৎকারের জন্য সম্প্রসারণ করা হয়েছিল এবং এতে ৭৫১টি যুদ্ধসমাধি রয়েছে, যার মধ্যে ১৪ জন নাবিক, ৫৪৫ জন সৈন্য এবং ১৯৪ জন বিমানবাহিনীর সদস্য রয়েছে।
সমাধিস্থলের প্রবেশ দ্বারে চট্টগ্রাম স্মৃতিসৌধ রয়েছে যা রয়্যাল ইন্ডিয়ান নেভি এবং মার্চেন্ট নেভির ৬ হাজার ৪৬৯ জন নাবিকের স্মরণ করে নির্মাণ করা হয়। এ নাবিকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রে নিখোঁজ হয়েছিলেন।
