টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয় যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশি সমর্থকরা। অপ্রত্যাশিত এই পরাজয়ে হতাশা ব্যক্ত করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।
রবিবার (১৭ অক্টোবর) রাতে ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত স্কটিশদের কাছে ৬ রানের ব্যবধান হেরেছে টাইগাররা।
তাইতো ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অধিনায়কের চোখেমুখে ছিল হতাশা। এখন সুপার টুয়েলভে কোয়ালিফাই করতে ভুলত্রুটি শুধরে ঘুরে দাঁড়ানোর ওপর নজর দেওয়ার কথা বলেছেন তিনি।
টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা যদি এখন বিষয়গুলোর দিকে নজর না দেই এবং সামনের ম্যাচগুলোতে একই ভুল করি, তাহলে খুব সম্ভবত ভালো কিছু হবে না।’
