শেয়ারবাজারে সূচকের পতন অব্যাহত রয়েছে। মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ৭ কার্যদিবসে উভয় শেয়ারবাজারে সূচকে পতন ঘটেছে। এই সাত কার্যদিবসে ৩৪৭ পয়েন্ট সূচক কমেছে।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২০.৬১ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে এক হাজার ৬৯২ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ২৮৯ কোটি ২ লাখ টাকা বেশি। ডিএসইতে এদিন ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ২৫৪টির এবং ৩৫টির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৫.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫১১.৯৫ পয়েন্টে। সিএসইতে এদিন ২৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ২০৪টির আর ২২টির দর অপরিবর্তিত রয়েছে।
