ম্যারাডোনার মৃত্যু নিয়ে এখনো তর্ক থামেনি

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭:০৭

চিকিৎসার ভুলেই মৃত্যু হয়েছে দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার। কিংবদন্তি ফুটবলারের মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ তার সাবেক আইনজীবী মাতিয়াস মোরলার। এমনকি ম্যারাডোনার পরিবারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।

কিংবদন্তির মৃত্যুর পর বছর ঘুরতে চললেও বিতর্ক থামেনি। শেষদিকে ম্যারাডোনা পর্যাপ্ত চিকিৎসা পেয়েছেন কি না, তা নিয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ বিভাগ। সোমবার তদন্তকারীদের কাছে জবানবন্দি দিতে যান মাতিয়াস। সেখান থেকে বের হওয়ার সময় সংবাদমাধ্যমকে তিনি বলেন, একের পর এক ভুল ম্যারাডোনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ওর দেহ স্ফীত হয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসকরা কোনো ব্যবস্থা নেয়নি। শেষপর্যন্ত ম্যারাডোনার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। গত বছর ২৫ নভেম্বর হার্ট অ্যাটাকে ম্যারাডোনার মৃত্যু হয়। এর কিছুদিন আগেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। কিন্তু তিনি সেই অস্ত্রোপচারের ধাক্কা সামলাতে পারেননি বলে অভিযোগ।

ম্যারাডোনার চিকিৎসায় গাফিলতি হয়েছে বলে বিশ্বাস তার অনুরাগীদের একটা বড় অংশের। সেই দলে নাম লেখানো মাতিয়াসের বক্তব্য, ম্যারাডোনার চিকিৎসা ঠিকমতো হয়নি। এটাই তার মৃত্যুর কারণ। মৃত্যুর কিছুদিন আগে আমার সঙ্গে শেষবার ওর সাক্ষাত্ হয়। সেসময় ও অদ্ভুত যান্ত্রিক ও কর্কশ স্বরে কথা বলছিল। আমি সবাইকে ম্যারাডোনার পরিস্থিতি নিয়ে সতর্ক করি। পরে বুঝেছি, শরীরে জল বেশি হয়ে যাওয়ায় ও এমন করছিল। অস্ত্রোপচারের পর ম্যারাডোনাকে হাসপাতালের পরিবর্তে বাড়িতে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মাতিয়াসের কথায়, চিকিৎসকরা বলেছিলেন ক্লিনিকে থাকা উচিত। এরপরও কেন ঐ বাড়িতে ম্যারাডোনাকে নিয়ে যাওয়া হয়েছিল। ম্যারাডোনার মেয়েদের উদ্দ্যেশেও তোপ দাগিছেন মাতিয়াস।

তিনি বলেন, আমার বিশ্বাস ম্যারাডোনার মেয়েরা ওকে পরিত্যাগ করেছিল। তবে আইনি দায়িত্ব আর নৈতিক দায়িত্ব পৃথক বিষয়। গত আগস্টে ম্যারাডোনার দুই মেয়ে ডালমা ও জিয়ানিন্নার বিরুদ্ধে অনলাইনে মাতিয়াসকে হেনস্তা করার অভিযোগ উঠেছিল।
ইত্তেফাক/এমআর/এনএজেডএন