ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল প্রায় ৯৭ শতাংশ।
সোমবার (১ নভেম্বর) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুইটি একাডেমিক ভবনে ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘গ’ ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. রুহুল আমিন দৈনিক ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ১ হাজার ৩ শত ৯৯ জন পরীক্ষার্থীর আসন পড়েছিলো। এরমধ্যে ১ হাজার ৩ শত ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিকে পরীক্ষা চলাকালে হলগুলো পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
