সাভারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ 

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৯:২১

সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ নভেম্বর) ভোর রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ইমাম হোসেন (৩৫) ভোলা জেলার চরফ্যাশন থানার হাজারিগঞ্জ গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সাভারের আমিনবাজারের হাজীবাড়ি এলাকায় জিয়াউর রহমানের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতো ওই গৃহবধূ (২৩)। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ভারতে পাঠিয়ে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে তিন মাস ধরে বিভিন্নস্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলেন ইমাম হোসেন। পরে ওই গৃহবধূকে ভারতে পাঠাতে না পারলে ও বিয়ে না করায় রবিবার রাতে তিনি সাভার মডেল থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত দালাল চক্রের প্রধান ইমাম হোসেনকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে। ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর খাঁন বলেন, আটক ধর্ষণকারীকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

 

ইত্তেফাক/এমএএম