মঙ্গলবার প্রকাশ হচ্ছে ঢাবির ‘খ’ ইউনিটের ফল

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৮:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করবেন।

সোমবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর ১৮ হাজার ৮৫০ জন ভর্তি পরীক্ষা দিয়েছেন ঢাবি ক্যাম্পাসে। বাকি আবেদনকারীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।

 

ইত্তেফাক/এমএএম