এশিয়ান কাপের গ্রুপ পর্বে মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশের শেষ ম্যাচ, প্রতিপক্ষের নাম সৌদি আরব। উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে উজবেকিস্তান স্পোর্টস টিভি।
সৌদি আরবের বিপক্ষে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। জিতলে চূড়ান্ত পর্বে উঠার সুযোগ তৈরি হতে পারে। কারণ, বাংলাদেশের ডি গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান, কুয়েত এবং সৌদি আরব খেলছে। উজবেকিস্তানের জয়-পরাজয় গননা করা হবে না। তারা স্বাগতিক দেশ হিসেবে এমনিতেই চূড়ান্ত পর্বে খেলবে। বাকি থাকবে কুয়েত এবং সৌদি আরব। সেরা রানার্সআপ হওয়ার সুযোগ থাকবে। এএফসি আগেই জানিয়ে রেখেছে, ১১ গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে সেরা পাঁচ রানার্সআপ দলও উঠবে।
বাংলাদেশ চাইছে এই সুযোগটা নিতে। সেই সম্ভাবনা কম হলেও হাল ছাড়তে রাজি না অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। কারণ, হিসাব বলছে ১ গোলে জিতলে হবে না। কমপক্ষে ২ গোলে জিততে হবে। সৌদি আরবের মতো শক্তিশালী দলের বিপক্ষে দুই গোলে জয় পাওয়া কঠিন।
কোচ মারুফুল হক এই দলটির দায়িত্বে রয়েছেন। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ তিন দেশই শক্তিশালী। তাদের ধারে কাছেও নেই বাংলাদেশ। র্যাংকিংয়ে শক্তিশালী এবং মাঠের পারফরম্যান্সেও শক্তিশালী। যে কারনে অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের কোচ মারুফুল হক একটা প্ল্যান রেখেছিলেন।
উজবেকিস্তান হতে মারুফুল হক জানিয়েছেন, ‘আমাদের প্ল্যান ছিল প্রতি ম্যাচে কাউন্টার আক্রমণে খেলবো। প্রথম ম্যাচে কিছু সুযোগ ছিল, কাজে লাগাতে পারিনি। আর দ্বিতীয় ম্যাচে ফ্রেন্ডলি ছিল। তারপরও আমরা চেষ্টা করেছি পরিকল্পনা অনুযায়ী খেলতে। কারণ, আমাদের প্র্যাকটিস ম্যাচ খেলার একটা ঘাটতি ছিল। সেটা কাটিয়ে ওঠার জন্য একই কৌশলে খেলতে গিয়ে আমাদের খেলোয়াড়রা কিছু কিছু ভুল করে ফেলে। অধৈর্য্য হয়ে ওঠে। আমার মনে হয়, সৌদি আরব অলআউট খেলবে। আমরা সেই সুযোগটা নেওয়ার অপেক্ষা করছি।’
ইয়াসিন আরাফাত বলেন, ‘আমাদের এক পার্সেন্ট সুযোগ থাকলে সেটিকে ১০০ পার্সেন্ট করার চেষ্টা করবো।’
গ্রুপের প্রথম খেলায় কুয়েতের কাছে ১-০, দ্বিতীয় খেলায় উজবেকিস্তানের বিপক্ষে ৬ গোলে হেরেছে বাংলাদেশ।
ইত্তেফাক/টিএ
