ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ (মঙ্গলবার) প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন।
গত ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর ১৮ হাজার ৮৫০ জন ভর্তি পরীক্ষা দিয়েছেন ঢাবি ক্যাম্পাসে। বাকি আবেদনকারীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
