নাশকতার মামলায় রিজভী-এ্যানীসহ ৬৪ জনের অব্যাহতি চাইলো পুলিশ

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১২:২৩

রাজধানীর মগবাজার এলাকায় নাশকতার অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৬৪ জনকে অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ নভেম্বর) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

গত ৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে মোট ৪৩ জনকে অভিযুক্ত করে এবং ৬৪ জনকে অব্যাহতির আবেদন করা হয়েছে।

মামলাটির অভিযোগে বলা হয়েছিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করে বিএনপি। ওইদিন বিকালে মগবাজার এলাকায় আমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সমবেত হয় দলটির নেতাকর্মীরা। সেখানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। তখন কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ করে নেতাকর্মীরা পালিয়ে যায়।

ইত্তেফাক/এমআর