রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১২:৪৫

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মো. সাকলাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে ৩ নম্বর লাইনে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ওই বৃদ্ধর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। সাকলাইন জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে সাদা গেঞ্জি ও চেক লুঙ্গি রয়েছে।

ইত্তেফাক/এমআর