টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খারাপ বোলিং করার পর থেকেই মোহাম্মদ শামির বিরদ্ধে সোশ্যাল মিডিয়ার একাংশ নেতিবাচক মন্তব্য করতে শুরু করে। যাচ্ছেতাই ভাষায় শামিকে আক্রমন করা হয়। কোথাও কোথাও তাকে গাদ্দার বলে গাল দেওয়া হয়। ধর্ম নিয়েও অপমানজনক কথা বলা হয়েছে।
এ বিষয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে প্রশ্ন করা হলে তিনি গর্জে ওঠেন। সোস্যাল মিডিয়ার ওই সমালোচকদের বিরাট বলেন, ‘যারা এসব কথা বলছে তারা মেরদণ্ডহীন লোক।’
অসহায় অবস্থায় ভারতীয় বোলারের পাশে দাঁড়ান অধিনায়ক বিরাট কোহলি। সান্তুনা দেন শামিকে। এর পরই সমালোচকরা সোস্যাল মিডিয়াতে বিরাট কোহলির ওপর ঝাঁপিয়ে পড়েন। সমালোচকদের রোষানলে পড়েন তিনি। এখানেই ঘটনা শেষ হতে পারতো। কিন্তু তা হয়নি। বিরাট কেন শামির পাশে দাঁড়ালেন, সেই ক্ষোভ গিয়ে পড়ল কোহলি-আনুষ্কা শর্মার ৯ মাসের কন্যা ভামিকার ওপর।
সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হলো, দুধের শিশুকে। অবাক করা বিষয় হলো- ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। মানুষের একটা অংশের মানসিকতার স্খলন দেখে হতবাক ওয়াকিবহাল মহল। নিন্দায় সরব অনেকেই।
গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি মহিলা কমিশন। দিল্লি পুলিশের উদ্দেশে জারি হয়েছে নোটিস। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। দিল্লি পুলিশের কাছে দ্রুত কঠোর পদক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি। একই সঙ্গে গোটা ঘটনায় গর্জে উঠেছে সোশ্যাল মিডিয়ায়ও।
ইত্তেফাক/টিএ
