রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে স্টাইল ক্রাফট লিমিটেডের শ্রমিকদের অবস্থান কর্মসূচি অষ্টম দিনে গড়িয়েছে। কারখানাটির ৪ হাজার ৩০০ শ্রমিকের প্রায় ৮০ কোটি টাকা বেতন বকেয়া রয়েছে। এই পাওনা আদায় করতেই তারা গত ২৬ অক্টোবর থেকে এখানে অবস্থান করছেন। মঙ্গলবার (২ নভেম্বর) তাদের অবস্থানের আটদিন পূর্ণ হলো।
জানা গেছে, শ্রমিক প্রতিনিধি ও শ্রম মন্ত্রণালয়ের মধ্যে একটি বৈঠক চলছে। রাত সাড়ে এগারোটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকের ফলাফল জানা যায়নি।
এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রম প্রতিমন্ত্রী, শ্রমিক প্রতিনিধি ও কারখানার মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পাওনা ৮০ কোটি টাকার বিপরীতে তাৎক্ষণিকভাবে মাত্র আড়াই কোটি দিতে চায় মালিকপক্ষ। শ্রমিকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
শ্রমিক নেতা নজরুল ইসলাম ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘বকেয়া বেতন আদায়ের জন্য প্রথমে আমরা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর কাছে যাই। তখন মালিক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি। পরে শ্রম প্রতিমন্ত্রীর কার্যালয়ে ২৫ কর্মদিবসের মধ্যে স্টাফদের দুই মাসের বকেয়া বেতন, একটি বোনাস ও শ্রমিকদের একমাসের বেতন ও বোনাস দেওয়ার কথা হয়েছিল। বাকিটা প্রতিমাসের বেতনের সঙ্গে দেবে এমনও বলা হয়েছিল। কিন্তু সময় কেটে গেলেও এই টাকা দেওয়া হয়নি। এরপর গত ২৬ অক্টোবর আমরা বাধ্য হয়ে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছি। দাবি আদায় না করে আমরা ফিরবো না।’
শ্রমিক নেত্রী আফরিন ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘আসলে পেছনে যাওয়ার আর জায়গা নেই। দীর্ঘদিন ধরে আমরা কাজের অভাবে বসে আছি। অনেক জায়গায় ধর্ণা দিয়েছি। কোনো কিছুই হয়নি। মালিকরা বলছে, দেওয়ার মতো টাকা নেই। তারা নাকি জমি-কারখানার যন্ত্রপাতি বিক্রি করে টাকা দেবে। মন্ত্রণালয়ও বলছে দেবে। কিন্তু এখনো কিছুই পাইনি।’
