চলতি মৌসুমে মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখছে জুভেন্টাস। একদিকে, সিরিয়া আ লিগে একের পর এক ম্যাচ হারে পয়েন্ট টেবিলে দলটির অবস্থান শীর্ষ দশের একেবারে তলানিতে। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে সম্পূর্ণ উল্টো চিত্র। গ্রুপ পর্বের দুই ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব বা শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে তারা।
মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডে সেন্ট পিটার্সবার্গের মুখোমুখি হয় জুভেন্টাস। আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার জোড়া গোলের নৈপুণ্যে ৪-২ গোলে জয় পেয়েছে ইতালিয়ান জয়ান্টরা।
ম্যাচের ১১ মিনিটেই জুভেন্টাসকে এগিয়ে নেন দিবালা। তবে ২৬ মিনিটেই বনোচ্চির গোলে সমতায় ফেরে পিটার্সবার্গ। প্রথমার্ধে আর গোল দিতে পারেনি কোনো পক্ষই। দ্বিতীয়ার্ধ শুরু হতেই যেন জেগে উঠে দুই দল। যার ফল স্কোরবোর্ড দেখলেই স্পষ্ট।
৫৮ মিনিটে পেনাল্টির মাধ্যমে দলকে লিড এনে দেন দিবালা। ৭৩ মিনিটে ব্যবধান ৩-১ করেন ছেইসা এবং ৮২ মিনিটে চতুর্থ গোলটি দিয়ে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন মোরাতা। এই গোলে সহায়তাকারীর ভূমিকায় দিবালা। শেষ দিকে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আরও একটি গোল শোধ করে পিটার্সবার্গ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
অপরদিকে, কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি। সুইডেনে মালমোর বিপক্ষে তাদেরই মাঠে ১-০ গোলে জিতেছে ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা। ৫৬ মিনিটের সময় একমাত্র গোলটি করেন হাকিম জিয়েস।
এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ এইচ'তে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। নকআউট পর্বে যেতে তাদের আরও ৩ পয়েন্ট লাগবে। অন্যদিকে, সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠে গেছে জুভেন্টাস।
ইত্তেফাক/টিএ
