মৌসুমীর জন্মদিনে ওমর সানীর আফসোস

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬:১০

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন বুধবার (৩ নভেম্বর)। তার পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। ১৯৭৩ সালে আজকের এই দিনে খুলনায় জন্মগ্রহণ করেন তিনি।

গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে মেয়ে ফাইজাকে নিয়ে আমেরিকার সান ফ্রান্সিসকোতে যান মৌসুমী। সেখান থেকে আটলান্টায় মা ও ছোট বোন ইরিন জামানের কাছে আছেন এ অভিনেত্রী। এ কারণে এবার দেশের বাইরে মা ও মেয়েকে নিয়ে জন্মদিন উদযাপন করেছেন মৌসুমী। তবে এ দিনটিতে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানীর মন খারাপ।

ওমর সানী ও মৌসুমী। (ফাইল ছবি)

স্ত্রী মৌসুমীর জন্মদিনে কয়েকটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান ওমর লেখেছেন, আমি তোমার জন্মদিনের উৎসব পালন করছি দীর্ঘ ২৭ বছর। কিন্তু আজকের জন্মদিনটি তোমার জন্য আমার পরিবারের জন্য একটা অন্যরকম তাৎপর্য, একসঙ্গে থাকার ইচ্ছে ছিল আমার। যাক আল্লাহর হুকুমে কর্মের কারণে তুমি বাংলাদেশের বাইরে আছো, সারা জাহানের মালিক আমাদের আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, হায়াত দারাজ করুন। প্রিয়দর্শিনী মৌসুমী শুভ জন্মদিন।’

যদিও মৌসুমী যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কলে কথা বলেছেন ওমর সানীর সঙ্গে।

ওমর সানী ও মৌসুমী।

মৌসুমী বলেন, আমার চেয়ে আমার মায়ের কাছে আমার জন্মদিনটি খুব গুরুত্বপূর্ণ। আমি জন্মদিনকে ঘিরে তেমন কোনো পরিকল্পনা করি না। আমার পরিবার, প্রিয়জনরাই এই দিনে বেশি আনন্দ-উচ্ছ্বাসে থাকেন। এখন যেহেতু দেশের বাইরে আছি- তাই হয়তো স্বল্প পরিসরেই জন্মদিন উদযাপন করব। সানী, ফারদিন ও বৌমাকে খুব মিস করছি।

১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানীর সঙ্গে ঘর বাঁধেন মৌসুমী। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে রয়েছে। ছেলে ফারদিনকে চলতি বছরের মার্চে বিয়ে দিয়েছেন সানি-মৌসুমী। তাদের পুত্রবধূ সাদিয়া রহমানেরর জন্ম কুমিল্লায়। তবে তার বেড়ে ওঠা ও পড়াশোনা কানাডায়।

ওমর সানী ও মৌসুমী।

মৌসুমী দীর্ঘ ক্যারিয়ারে নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মৌসুমী অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবে সাফল্য পেয়েছেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এরপর তিনি ২০০৬ সালে ‘মেহের নেগার ’ পরিচালনা করেন। এরপর নির্মাণ করছেন ‘শূন্য হৃদয়’, ‘ভালোবাসবোই তো’ নামের দুটি সিনেমা।

মৌসুমী গানেও বেশ পারদর্শী। ২০০৪ সালে জাহিদ হোসেন পরিচালিত ‘মাতৃত্ব’ সিনেমার একটি গানে কণ্ঠ দেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ সিনেমায় ‘কি যে শূন্য লাগে তুমিহীনা’ গানে কণ্ঠ দেন এ অভিনেত্রী।

ইত্তেফাক/বিএএফ