রংপুরে পুলিশের নির্যাতনে মৃত্যু: ৪ সদস্যের তদন্ত কমিটি

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৯:১০

রংপুরের হারাগাছে পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে থানা ঘেরাও, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। গত মঙ্গলবার (২ নভেম্বর) এ কমিটি গঠন করা হলেও আজ বুধবার (৩ নভেম্বর) বিষয়টি মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) সাজ্জাদ হোসেন  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মেহেদুল করিমকে প্রধান করে গঠিত এ কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী কমিশনার (পরশুরাম জোন) আরিফুজ্জামান, সদস্যপদে রয়েছেন মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটি-এসবি) আবু বক্কর সিদ্দিক ও উপ-কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

তিনি আরও বলেন, গত ১ নভেম্বর এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই দিন থেকে ৭ কার্যদিবসের মধ্যে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হারাগাছ মেট্রোপলিটন থানা পুলিশ জানায়, গত ১ নভেম্বর রাতে পুলিশি নির্যাতনে নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে হারাগাছ থানা ঘেরাও, হামলা, ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। নিহত তাজুলের বাড়ি হারাগাছের নয়া টারী দালালহাট গ্রামে। এদিকে থানায় হামলার ঘটনায় ২ থেকে ৩শ’ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মাদক রাখার অপরাধে নিহত ব্যক্তি তাজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেন। 

অন্যদিকে নিহত ব্যক্তির ছোট ভাই মর্তুজা রহমান আবু বাদী হয়ে গত সোমবার রাতে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেফতার কিংবা কাউকে আটক করেনি পুলিশ।

 

ইত্তেফাক/জেডএইচডি