বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা!

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২০:২৮

বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা। প্রেমিককে বিয়ে করতে ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে আসেন ওই স্কুলছাত্রী। মঙ্গলবার (২ নভেম্বর) এ ঘটনা ঘটে। 

বিষের বোতল নিয়ে কিশোরীর প্রেমিকার বাড়িতে অবস্থানের বিষয়টি এলাকাবাসী থানায় জানালে ওই রাতেই কিশোরীকে থানা হেফাজতে নেয় শশীভূষণ থানা পুলিশ। বুধবার দুই পরিবারের মধ্যস্ততায় ১৮ বছর পূর্ণ হলে বিয়ের শর্তে থানা কিশোরীকে তার বাবার হাতে তুলে দেয় পুলিশ। শশীভূষণ থানার এসআই মো. হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কিশোরী জানান, সে জেলার বোরহান উদ্দিন উপজেলার কাচিয়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। দেড় বছর আগে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ খালার বাড়িতে বেড়াতে এলে পাশের বাড়ির কিশোরের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে কিশোর ওই মেয়েটিকে বিয়ে করবে বলে আশ্বস্ত করে। 

সম্পর্কের দেড় বছর পর সম্প্রতি প্রেমিক অন্যত্র বিয়ে করেছে জানিয়ে তাকে বিয়ে করা সম্ভব নয় বলে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে চলে আসে ওই কিশোরী। এ সময় বিয়ে না করলে সে বিষপান করে মারা যাবে বলে বিষ নিয়ে এসেছে প্রেমিককে জানায় ওই কিশোরী।

এওয়াজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুব আলম খোকন জানান, তাদের মধ্যে প্রেমের বিষয়টি সঠিক। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক। তাই তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, মেয়েটি প্রাপ্ত বয়স্ক না হওয়ায় দুই পরিবারের মধ্যস্ততায় ১৮ বছর পূর্ণ হলে বিয়ের শর্তে মেয়েটিকে তার বাবার হাতে দেওয়া হয়েছে।

 

ইত্তেফাক/জেডএইচডি