নিউইয়র্কে ‘ঘুংঘুর’ সম্মাননা পেলেন তাজুল ইমাম

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৩:৩১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ঘুংঘুর’ সম্মাননা পেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রকর তাজুল ইমাম। গত শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে এ সম্মননা দেওয়া হয়। 

উত্তর আমেরিকা থেকে প্রকাশিত হয় লিটল ম্যাগাজিন ঘুংঘুর। নতুন সংখ্যার প্রকাশনা ও ঘুংঘুর সম্মাননা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা।

মৃদুল আহমেদের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবীব, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ, টিভি ব্যক্তিত্ব বেলাল বেগ, বিশিষ্ট প্রাবন্ধিক হাসান ফেরদৌস, খ্যাতিমান নাট্যাভিনেতা তৌকির আহমেদ ও প্রাবন্ধিক আহমাদ মাযহারসহ অন্যান্যরা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘুংঘুর সম্পাদক, চিকিৎসক ও সুলেখক হুমায়ুন কবির।

ছবি: ইত্তেফাক
মিনার মনসুর বলেন, ‘বিদেশে এসে এমন কর্মকাণ্ড দেখে আমি অবিভূত। আজ যে কৃতি শিল্পীকে সম্মাননা দেওয়া হচ্ছে, তিনি আমাদের সূর্যসন্তান। তিনি মহান মুক্তিযোদ্ধা। আমি তাকে এখানে সম্মান জানাতে পেরে গর্বিত।’ 

মিনার মনসুর লিটলম্যাগাজিন ও সাহিত্য নিয়ে কথা বলেন এবং নতুন লেখকদের সাহিত্য নির্মাণে অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন।

হারুন হাবীব বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধই একটি বড় ক্যানভাস। এই ক্যানভাসের একজন কর্মবীরকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে। এটা গৌরবের বিষয়।’

লিটল ম্যাগাজিন ঘুংঘুর বিশ্বে একমাত্র বাংলা ছোটকাগজ, যেটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংস্করণ প্রকাশ করেছে। ঢাকা, কলকাতা, নিউইয়র্ক, জাপান, জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ড থেকে এর কয়েকটি সংখ্যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

ইত্তেফাক/এএএম