গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় আজিজ কেমিক্যাল গ্রুপের এ এস এম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারখানার এজবিপি ভবনে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিভানোর কাজ শুরু করলেও পরে আরও ৬টি ইউনিট যোগ দেয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় বিকট শব্দে কারখানার আশপাশের বহুতল ভবনের জানালার গ্লাস ভেঙে পড়ে। এ সময় কালো ধোয়া ও আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ঝাঁঝালো গন্ধে আশপাশের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। এসময় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে।
এ খবর লিখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুরের ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে পর্যায়ক্রমে ৯টি ইউনিট আগুন নিভানোর কাজ করে। কারখানার বিভিন্ন ভবনের পুরোটাতেই কেমিক্যাল উৎপাদন ও সংরক্ষণ করা হতো। হাইড্রোজেন পারক্সাইডের সংরক্ষিত স্টোরেজ বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় কমপক্ষে ৫/৬ জন শ্রমিক ওই ভবনে থাকলেও আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
খবর পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারি মাসের ১১ তারিখে এ কারখানায় আগুনের ঘটনা ঘটেছিল। এতে কয়েকজনের মৃত্যু হয়। আহত হয় ২৫ জন। ওই ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হলেও তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি এমনকি কিছুই জানায়নি কর্তৃপক্ষ।
