অনেক চাড়াই উৎরাইয়ের পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল ভারত। তবে আফগানিস্তানকে হারালেও নিজেদের হাতে কিছু নেই। সেমিফাইনালে উঠতে শেষ দু’টি ম্যাচ জিততেই হবে। শুধু জিতলেই হবে না, সেক্ষেত্রে মিলাতে হবে বেশ কিছু সমীকরণ।
শেষ দু’টি ম্যাচ জিতলেও ভারতের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না যদি নিউজিল্যান্ডও বাকি দু’টি ম্যাচ জেতে। ভারত শেষ দু’টি ম্যাচ জিতলে এবং নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেলে তিন দলেরই ছয় পয়েন্ট করে হবে। তখন নেট রানরেট বিচার করা হবে।
নেট রানরেটে ভারত পিছিয়ে। ভারতের নেট রানরেট যেখানে +০.০৭৩, সেখানে আফগানিস্তানের +১.৪৮১ এবং নিউজিল্যান্ডের +০.৮১৬। তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতকে শেষ দুই ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে। বিরাট কোহলিদের একটাই সুবিধা, গ্রুপের শেষ ম্যাচ যেহেতু তারাই খেলবে, নেট রানেরেট হিসাব করে খেলতে পারবে।
পাকিস্তানের পর এই গ্রুপ থেকে শেষ চারে যাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা নিউজিল্যান্ডের। যদি নিউজিল্যান্ড নিজেদের সব ম্যাচ জিতে, তা হলে আর কারও দিকে তাদের তাকিয়ে থাকতে হবে না। যদি তারা আফগানিস্তানের কাছে হারে, নামিবিয়াকে হারায় এবং ভারত বাকি দুটি ম্যাচ জেতে তাহলে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারতের পয়েন্ট হবে ছয়। নেট রানরেটে আফগানিস্তান (+১.৪৮১) অনেক এগিয়ে ভারত (+০.০৭৩), নিউজিল্যান্ডের (+০.৮১৬) থেকে।
স্কটল্যান্ড ও নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আফগানিস্তান এই গ্রুপে নেট রানরেটে সবথেকে ভাল জায়গায় রয়েছে। ভারতের কাছে হারলেও আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তা হলে নেট রানরেটে তারা শেষ চারে চলে যাবে।
