ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর)।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন এনডিএফ বিডি’র আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।
জলবায়ু বিষয়ক পরিবর্তন, করণীয় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর। এতে সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি এর চেয়ারম্যান একেএম শোয়েব। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এনডিএফ বিডির কো-চেয়ারম্যান ও এনডিএফ বিডি আন্তর্জাতিক বিতর্ক উৎসবে ঢাকা অঞ্চল প্রধান এম আলমগীর।
বারোয়ারি বাংলা ও ইংরেজি প্রতিযোগিতায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য জুনিয়র গ্রুপ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সিনিয়র গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জুনিয়র গ্রুপে বাংলা বারোয়ারির বিতর্কের বিষয় ‘হোক সবুজের সৃষ্টি, বদলে যাক দৃষ্টি...’ এবং সিনিয়র গ্রুপের বিতর্কের বিষয় ‘জলবায়ু পরিবর্তনের আগে প্রয়োজন আমাদের পরিবর্তন’।
এছাড়াও থাকছে ক্যারিয়ার ও বিতর্ক বিষয়ক কর্মশালা ও প্রদর্শনী বিতর্ক।
