কেদারনাথ গিয়ে কট্টরপন্থীদের তোপের মুখে সারা আলি খান

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৫:০৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের অশালীন ভাষায় আক্রমণ করা বর্তমানে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। ধর্ম-বর্ণ-জাতের দোহাই দিয়ে কটাক্ষ করা হয়। কট্টরপন্থীদের তোপের মুখে পড়তে হল সারা আলি খানকে।

জাহ্নবী কাপুরের সঙ্গে কেদারনাথ দর্শনে গিয়েছিলেন সাইফকন্যা। মন্দিরে পুজো দেন, সেলফি তোলেন। যে সব ছবি পোস্ট করেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আর তাতেই অনেকে লিখেছেন, ‘ইসলামের পথে হাঁটতে শিখুন।’ কেদারনাথে সারার ছবি দেখে অনেকে আবার হিন্দু ধর্মকে কটাক্ষ করে লেখেন, “পাগল লোকগুলো পাথরের পুজো করে।” নেটিজেনদের একাংশ আবার সারা মুসলিম কিনা, সে নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন।

তবে এই প্রথমবার নয়। এর আগেও সারা কেদারনাথ গিয়েছেন। মহাদেবের পুজো দিয়েছেন বেনারসেও। তাকে কখনও দেখা গিয়েছে সিদ্ধি বিনায়ক তো কখনও কামাখ্যা মন্দিরে। সারার এই মনোভাব যেমন নেটদুনিয়ার একাংশের প্রশংসা কুড়িয়েছিল, তেমনই কটাক্ষও হজম করতে হয়েছে অভিনেত্রীকে। মুসলিম হয়ে কেন তিনি বিভিন্ন মন্দিরে যাবেন? বারবার প্রশ্ন তুলেছেন কট্টরপন্থীরা।

সম্প্রতি আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েও সারাকে শুনতে হয়েছে অশালীন মন্তব্য। টুইটারে সারার শুভেচ্ছা জানানোর পরই ট্রোলের পালা শুরু হয়ে যায়। কেউ লেখেন, “আর কোনও এনসিবি হানা হবে না, এবার তুমি নিরাপদ।” আবার অনেকে লেখেন, “সারা আলি খান নিজেকে সেফ করে নিলেন”। সারা অবশ্য এসবে কান দেন না।

ইত্তেফাক/এফএস