ভুয়া হলফনামা বানিয়ে বিয়ে ও শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে তাওহিদুল ইসলাম নামে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে এই মামলা দায়ের করেন ভুক্ত নারী। আদালত অভিযোগ গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই তরুণীর বাসায় গৃহশিক্ষক ছিলেন তাওহিদুল ইসলাম। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তরুণীকে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় নিয়ে গিয়ে নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে বিয়ের যৌথ হলফনামা সম্পাদন করেন তাওহিদুল।
তাওহিদুল পুলিশের এসআই পদে চাকরি পাওয়ার পর ২০২০ সালের ৩০ এপ্রিল সারদা পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণে চলে যান। যাওয়ার আগ পর্যন্ত তারা স্বামী-স্ত্রী হিসেবে চলাফেরা করেন। প্রশিক্ষণে যাওয়ার পরও একবছর তাদের মধ্যে মোবাইলফোনে যোগাযোগ ছিল।
কিন্তু ২০২১ সালের ৯ জুলাই প্রশিক্ষণ শেষে কর্মস্থলে যোগদানের পর থেকে সব সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন তাওহিদ। এতে নিরুপায় হয়ে ওই নারী আদালতে মামলা দায়ের করেন।
