‘প্রাণিসম্পদ খাতে প্রশিক্ষিত জনশক্তি তৈরির কাজ চলছে’

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭:৩৬

প্রাণিসম্পদ খাতে সম্পৃক্ত জনশক্তি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম। তিনি বলেন, ‘এ জন্য প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।’ বৃহস্পতিবার (০৪ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সেমিনার হলে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে এই কর্মশালা আয়োজন করে।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গ্রামীণ এলাকার উন্নয়নে কাজ করছে। এই লক্ষ্যে সরকার প্রাণিসম্পদ খাতকে গুরুত্ব দিচ্ছে। এ খাতে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে সরকার উদ্যোক্তা সৃষ্টি করছে, যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে।’ তিনি আরও বলেন, ‘প্রযুক্তিগত উন্নয়নের ধারায় আমাদের এগিয়ে যেতে হবে। হতদরিদ্র, বঞ্চিত ও উন্নয়ন বৈষম্যের শিকার মানুষদের ভালো রাখার জন্য রাষ্ট্র ব্যবস্থা করছে। এই রাষ্ট্র ব্যবস্থায় প্রাণিসম্পদ খাতে সম্পৃক্তরা এক একজন কারিগর। এ খাতে সম্পৃক্তদের হতে হবে গ্রামীণ মানুষদের সহায়ক শক্তি।’

মন্ত্রী আরও বলেন, ‘বাস্তব অভিজ্ঞতা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রান্তিক মানুষদের প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা বাড়াতে হবে। তৃণমূল জনগণকে দক্ষ জনশক্তিকে পরিণত করতে না পারলে জাতিকে সামনে এগিয়ে নেওয়া যাবে না। আমাদের জনসংখ্যা বর্তমানে জনশক্তিতে পরিণত হয়েছে। আগামীর লক্ষ্য তৃণমূল মানুষদের দক্ষ জনশক্তিতে পরিণত করা। এভাবে আমরা টেকসই উন্নয়ন করতে চাই।’
প্রাণিসম্পদ খাতে অপার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ খাতে বৈপ্লবিক পরিবর্তন আসায় বেকাররাও উদ্যোক্তা হচ্ছেন। গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে। পুষ্টি ও আমিষের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। বিদেশে মাংস রফতানির সুযোগ এসেছে।’

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুবোল বোস মনি কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এফএও’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন, বিশ্বব্যাংকের সিনিয়র এগ্রিকালচার স্পেশালিস্ট ক্রিস্টিয়ান বার্জার, এফএও প্রতিনিধি নূর আহমেদ খন্দকার, এলডিডিপি প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. গোলাম রাব্বানী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার প্রমুখ। 

ইত্তেফাক/এনই