দেশের দুই বিভাগীয় শহর ঢাকা ও চট্টগ্রামের টিভি ক্যাবল নেটওয়ার্ক (ডিস সংযোগ) ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে ৩০ নভেম্বরের মধ্যে গ্রাহকদের সেট টপ বক্স বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) তথ্য মন্ত্রনালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল হওয়া সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে টিভি ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আসবে। স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে সম্মানিত ডিশ ক্যাবল গ্রাহকগণকে এই সময়ের মধ্যে ক্যাবল/ফিড অপারেটরের সহযোগিতায় এনালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল সেট টপ বক্স স্থাপনের জন্য অনুরোধ করা যাচ্ছে।
ডিজিটাল সেট টপ বক্স স্থাপন না করলে ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না বলেও উল্লেখ করা হয় ওই গণবিজ্ঞপ্তিতে।
এরআগে গত রোববার (৩১ অক্টোবর) সচিবালয়ে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো) এবং টিভি ক্যাবল নেটওয়ার্ক ড্রিস্ট্রিবিউটরদের নিয়ে এক সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের সব কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করার সিদ্ধান্ত বহাল থাকবে। এছাড়াও ৩১ ডিসেম্বরের মধ্যে অন্যান্য বিভাগীয় ও মেট্রোপলিটন শহর ছাড়াও কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া, রাঙামাটি ও কক্সবাজার জেলা শহরে এবং এসব অঞ্চলের সঙ্গে যশোর, গাজীপুর, নারায়ণঞ্জ, টাঙ্গাইল, পাবনাসহ সব পুরনো জেলা শহরের কেবল নেটওয়ার্কও ডিজিটালাইজ করার সিদ্ধান্ত হয়েছিল।
সেট টপ বক্স হচ্ছে টিভি ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতিতে আনার প্রযুক্তি। এই প্রযুক্তিতে বাড়িতে ডিটিএইচের মতো ছোট ডিশ অ্যান্টেনা বসাতে হবে না। আবার অ্যানালগ ক্যাবল টিভি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়ও বিঘ্ন ঘটবে না। অ্যানালগ সেবাদানকারীরা তাঁদের ক্যাবল সংযোগ নেবেন। এরপর তাঁরাই ক্যাবল দিয়ে দর্শকদের বাড়িতে সংযোগ দেবেন। এই ক্যাবল যুক্ত হবে সেট টপ বক্সে। আর সেট টপ বক্সের মাধ্যমে টিভি অনুষ্ঠান দেখা যাবে।
বেশ কিছু সেট টপ বক্সে এমন কিছু সুবিধা আছে যেখানে ঝড়-বৃষ্টি কিংবা রাস্তার খননকাজে ক্যাবল কাটা পড়লে বিকল্প ব্যবস্থায় সংযোগ চালু থাকবে। ছবি দেখাসহ যেকোনো ধরনের সমস্যা হলে সমাধানও দ্রুততম সময়ে হবে। এছাড়াও কোনো কাজে ব্যস্ত থাকলে দর্শকেরা তাঁদের পছন্দের অনুষ্ঠান সেট টপ বক্সে পেন ড্রাইভ বা পোর্টেবল হার্ডডিস্ক যুক্ত করে সেখানে রেকর্ড করতে পারবেন। পরে অবসর সময়ে তা দেখা যাবে। তাছাড়া একই সময়ে একটি টিভি সেটে মাল্টি চ্যানেল দেখতে পারবেন দর্শকেরা। হাই ডেফিনিশন (এইচডি) চ্যানেল, ভিডিও অন ডিমান্ডসহ নানা সুবিধাও পাওয়া যাবে এমনসব সেট টপ বক্সও পাওয়া যায় বাজারে।
