ক্রিশ্চিয়ানো রোনালদো চলে যাওয়ার পর করিম বেনজেমাই দলের মূল কান্ডারী। চলতি মৌসুমে তো প্রায় ধরাছোয়ার বাইরে নিয়ে যাচ্ছেন নিজেকে। যেমনি লা লিগায়, তেমনি দাপট দেখাচ্ছেন চ্যাম্পিয়নস লিগেও। বুধবার (৩ নভেম্বর) রাতে তার গোলেই ইউরোপের সর্বোচ্চ টুর্নামেন্টটিতে প্রথম ক্লাব হিসেবে ১০০০ গোলের মাইলফলক ছুঁয়েছে রিয়াল মাদ্রিদ। আরেক গোলে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেছে তারা।
সান্তিয়াগো বের্নাব্যুতে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা এগিয়ে যেতে সময় নেয় ১৪ মিনিট। ভিনিসিয়াস জুনিয়রের সহায়তায় সহজ ট্যাপ ইনে রিয়ালের হয়ে হাজারতম গোলটি করেন বেনজেমা। তবে প্রথমার্ধের আগেই ফার্নান্দোর গোলে সমতা ফেরায় সফরকারীরা।
তাতে সমর্থকদের কাছ থেকে অবজ্ঞা সূচক বাণীও শুনতে হয়েছে লস বাঙ্কোসদের। ৬১ মিনিটে বেনজেমার গোলেই চাপমুক্তির উপলক্ষ্য পায় তারা। এবারের গোলেরও সহায়তার ভূমিকায় ভিনিসিয়াস জুনিয়র। জিতেও পুরো ম্যাচে যে রিয়াল ছন্দহীন ছিল তা স্বীকার করে জোড়া গোল করা বেনজেমা বলেন, ' প্রথম ম্যাচের মতো আমরা আমাদের সেরা ছন্দে ছিলাম না, তবুও আমরা জিতেছি। প্রতি তিন দিনে ম্যাচ খেলা আমাদের জন্য কিছুটা কঠিন। সবসময় তো আর ভালো খেলা যায় না।'
৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল। গ্রুপের অন্যম্যাচে শেরিফকে ৩-১ গোলে হারিয়েছে দুইয়ে থাকা ইন্টার মিলান। অ্যানফিল্ডে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে সবার আগে শেষ ষোলো রাউন্ড নিশ্চিত করেছে লিভারপুল।
ম্যাচের ১৩ মিনিটে দিয়েগো জটার গোলে এগিয়ে যায় অলরেডরা। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সাদিও মানে। ৩৬ মিনিটে ফিলিপের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া অ্যাটলেটিকো আর ম্যাচেই ফিরতে পারেনি। এই হারের পর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে তারা। অন্যদিকে, পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। গ্রুপের অপর ম্যাচে এসি মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দুইয়ে থাকা পোর্তো।
এদিকে, লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে লাইপজিগের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। আর ক্লাব ব্রুজকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।
একনজরে
রিয়াল ২-১ শাখতার
মিলান ১-১ পোর্তো
স্পোর্টিং সিপি ৪-০ বেসিকতাস
ডর্টমুন্ড ১-৩ আয়াক্স
শেরিফ ১-৩ ইন্টার
লিভারপুল ২-০ অ্যাটলেটিকো
ম্যানসিটি ৪-১ ব্রুজ
লাইপজিগ ২-২ পিএসজি
ইত্তেফাক/টিএ
