জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য অনুষদভিত্তিক সেরা ফলাফলের সর্বোচ্চ পুরস্কার ডিনস অ্যাওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনদের নিয়ে একটি ডিনস ফোরাম গঠন করা হয়েছে।
ডিনস অ্যাওয়ার্ড হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের ডিন কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ মেধাভিত্তিকি পুরস্কার। সাধারণত নিজ নিজ বিভাগে যারা খুব ভালো ফল করেন, তারাই এই পুরস্কারটি পান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি শিক্ষার্থীদের প্রতিভা ও মেধাকে ফুটিয়ে তোলার পাশাপাশি সবার মধ্যেই আগ্রহ তৈরি করার লক্ষ্যেই ডিনস অ্যাওয়ার্ড চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও প্রতিযোগিতা সৃষ্টি হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ.কে. এম মনিরুজ্জামান বলেন, ডিনস অ্যাওয়ার্ড চালুর জন্য ইতিমধ্যেই একটি ডিনস ফোরাম গঠন করা হয়েছে। কিভাবে এটি চালু করা যায় সেই নীতিমালাগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহের চেষ্টা চলছে। ডিনস অ্যাওয়ার্ড চালু হলে শিক্ষার্থীদের মধ্যে ভালো করার আগ্রহ ও পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড চালু করার কথা হয়েছে । বিশ্ববিদ্যালয়ে একটি ডিনস ফোরামও গঠন করা হয়েছে। এটি খুব দরকার। এতে করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়। এদেশের অন্যান্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতেও ডিনস অ্যাওয়ার্ড চালু রয়েছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্যও এটি চালু করা দরকার।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য ডিনস অ্যাওয়ার্ড চালু করার পরিকল্পনা করেছি। ডিনস ফোরাম গঠন করেছি। চলমান সেমিস্টার পরীক্ষা শেষে বিষয়টির পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
