এই সপ্তাহেই জাবিকে কোচ হিসেবে ঘোষণা করবে বার্সা!

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭:২৪

চলতি মৌসুমে এখন পর্যন্ত বলতে গেলে বার্সেলোনার তেমন কোনো অর্জন নেই। চারদিকে কেবল হতাশা। মৌসুমের শুরুতেই লিওনেল মেসিকে হারানো, এরপর একের পর এক ম্যাচ পরাজয়। সবমিলিয়ে এই মুহূর্তে লা লিগায় দলটির অবস্থান নবম স্থানে। তবে আশার কথা হচ্ছে- নতুন শুরুর অপেক্ষায় কাতালান ক্লাবটি।

সেটিরই ধারাবাহিকতায় গত সপ্তাহে প্রধান কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করা হয়েছে। এবার তার জায়গায় আনা হচ্ছে স্পেন ও বার্সেলোনার কিংবদন্তী মিডফিল্ডার জাবি হার্নান্দেজকে। শিগগিরই উভয় পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে কাতারি ক্লাব আল-সাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাবি। ইএসপিএনএফসি জানিয়েছে, গত মঙ্গলবার (২ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগে ডায়নামিক কিয়েভের বিপক্ষে জয়ের পর বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট রাফা এবং পরিচালক মাতিও কাতারের দোহায় গিয়েছেন। মূলত ক্লাব আল-সাদের সঙ্গে জাবিকে নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যেই আরব দেশটিতে তাদের উড়াল দেওয়া। সূত্রমতে, চলতি সপ্তাহের শেষের দিকে জাবিকে কোচ হিসেবে ঘোষণা করতে পারে বার্সা।

এবার বার্সেলোনার কোচের ভূমিকায় দেখা যাবে তাকে!

প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে জাবির সঙ্গে ব্যক্তিগত শর্তাবলী নিয়ে আলোচনা সম্পন্ন করেছে বার্সেলোনা। কিন্তু আল-সাদের সঙ্গে তার দুই বছরের চুক্তি রয়েছে। সে জন্য উভয় ক্লাবের মধ্যে এখনো চুক্তিতে পৌঁছানো বাকি। সেটি সম্পন্ন হলেই নূ-ক্যাম্পে ফিরতে জাবির আর কোনো বাধা নেই।

বুধবার কাতারি ক্লাবটি জানিয়েছে, জাবি বার্সেলোনায় ফিরতে চাইলে তারা আটকাবে না। পরে এক টুইট বার্তায় বলেছে, বার্সেলোনার অফিসিয়ালদের আমরা স্বাগত জানাই। তাদের এই আগমণের প্রতি আমাদের সম্মান রয়েছে।

আগামীকাল শনিবার (৬ নভেম্বর) সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার ম্যাচ রয়েছে। এর পরের ম্যাচ ২০ নভেম্বর ক্যাম্প নূ-তে রাইভালস ইসপানয়েলের বিপক্ষে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ওই ম্যাচেই বার্সার ডাগআউটে দেখা যেতে পারে জাবি হার্নান্দেজকে!

ইত্তেফাক/টিএ