শর্ত মেনে আদালতে হাজিরা দিলেন আরিয়ান

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ০০:২৯

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় কারামুক্ত হওয়ার পর আবারও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কার্যালয়ে যান। আদালতের শর্ত মেনে সাপ্তাহিক হাজিরার দিতেই শুক্রবার (৫ নভেম্বর) এনসিবি কার্যালয়ে গিয়েছিলেন তিনি। প্রতি শুক্রবার হাজিরা দেওয়া ছাড়াও জামিনের পর বেশকিছু নিয়ম মেনে চলতে হবে আরিয়ানকে। তার জীবন আর আগের মতো নেই। পাল্টে গেছে অনেক হিসাব-নিকাশ।  

গেল ২ অক্টোবর মাদককাণ্ডে ফাঁসেন আরিয়ান। এরপর টানা ১৬ ঘণ্টার জেরার পর ৩ অক্টোবর আরিয়ান গ্রেফতার হন। টানা ২৬ দিন পর ২৮ অক্টোবর মুম্বাইয়ে হাইকোর্টে জামিন পান এ স্টারকিড। জামিনে মুক্ত হওয়ার পরও ১৪টি শর্ত পালন করতে হবে আরিয়ানকে।  

শুক্রবার বেলা এগারোটার দিকে এনসিবির অফিসে হাজিরা দিতে আসেন আরিয়ান। এদিন ছাড়াও প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এনসিবির কার্যালয়ে হাজিরা দিতে হবে কিং খানের পুত্রকে।

আরিয়ান খান

শর্ত অনুযায়ী, দেশ ছেড়ে যেতে পারবেন না আরিয়ান। তার পাসপোর্টও জমা নেওয়া হয়েছে। দেশ ছেড়ে যেতে পারবেন না ঠিকই, কিন্তু শহর তো ছাড়তে পারবেন!

তাই জন্মদিনের দিনে মুম্বাইয়ের বাড়ি মান্নাত ছেড়ে আলিবাগের ফার্ম হাউজ়ে নিরিবিলিতে সময় কাটাতে গিয়েছিলেন শাহরুখ ও তার পরিবার। আরিয়ানও গিয়েছিলেন বাবা-মায়ের সঙ্গে। সেখান থেকেই ফিরেই এনসিবির কার্যালয়ে যান তিনি।

ইত্তেফাক/বিএএফ