কক্সবাজারে আটকা পর্যটকদের রুম ভাড়ায় বিশেষ ছাড়

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯:১৫

কক্সবাজারে আটকা পড়া পর্যটকদের রুম ভাড়ায় বিশেষ ছাড় দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ। পর্যটকরা যে ভাড়ায় রুমে উঠেছিলেন সেই ভাড়ার উপর ৩০ থেকে ৪০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্টরা।

তবে, শিডিউল থাকার পরও যারা শুক্র ও শনিবার যেতে পারেননি তাদের বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। 

শনিবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা পুলিশের ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যা ৭টায় পর্যটকভর্তি একটি বাস চট্টগ্রামের উদ্দেশে কক্সবাজার পুলিশ লাইন ত্যাগ করে বলে জানিয়েছেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম।

এসপি বলেন, কক্সবাজারে আগত যেসব পর্যটক ধর্মঘটের কারণে নিজ গন্তব্যে ফিরে যেতে পারছেন না, তাদের জেলা পুলিশের নিজস্ব পরিবহনে চট্টগ্রাম পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে হঠাৎ গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হওয়ায় কক্সবাজার বেড়াতে গিয়ে প্রায় অর্ধলাখ পর্যটক আটকা পড়েন। শনিবার যাদের বিশেষ কাজ ছিল, তাদের অনেকে অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে করে কক্সবাজার ত্যাগ করেন। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা করেন।  অন্য সময়ের চেয়ে ভাড়া তিনগুণ হওয়ায় শনিবার দুপুর পর্যন্ত কক্সবাজার ত্যাগ করতে পারেননি অনেকে।  হোটেলে অবস্থান করা পর্যটকদের রুম ভাড়ায় বিশেষ ছাড় দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ।  

কক্সবাজার তাজ করপোরেশন অ্যান্ড ট্রাভেলস সেন্টারের মালিক জানে আলম বলেন, কক্সবাজার থেকে বিমানের ফিরতি টিকেটের দাম হঠাৎ বেড়েছে। অন্য সময়ে তিন হাজার ৮০০ টাকা থেকে ৫ হাজার টাকা নেওয়া হয়। শুক্রবার-শনিবার ৭ হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

ফেডারেশন অব ট্যুরিজম অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, হঠাৎ দূরপাল্লার বাস বন্ধ হওয়াতে পর্যটকরা চরম বেকাদায় পড়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। এরপরও আটকাপড়া যেসব পর্যটক হোটেলে অবস্থান করছেন তাদের রুম ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।