ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার রাণীশংকৈল-পীরগঞ্জ পাকা সড়ক দুর্ঘটনায় মুকুল রানা (৩৭) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার ৬ নভেম্বর সন্ধ্যায় পুরাতন সেন্টারের রফিক ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল লফিত শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত শিক্ষক উপজেলার গোগর সরকার পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের ছেলে। তিনি কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬ টার দিকে গোগর থেকে মোটরসাইকেল যোগে রাণীশংকৈল আসছিলেন। পথিমধ্যে মুকুল রানা পুরাতন সেন্টারের কাছে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার পাশে পড়ে থাকেন। পথচারীরা তাকে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তারা লাশ বাড়িতে নিয়ে গেছেন।’
