বাগেরহাটের মোংলা বন্দরের শিল্পাঞ্চলে বসুন্ধরা গ্যাস কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কারখানার মেইন পয়েন্ট থেকে ৪৫ কেজি ওজনের একটি বড় সিলিন্ডার ভর্তি করার সময় এ বিস্ফোরণ ঘটে। দগ্ধ ৬জনকে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে মোংলা থানা পুলিশ।
দগ্ধ ৬জন হলেন, বাগেরহাট মোংলার শেলাবুনিয়া এলাকার মো. শাহ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (৩০), রামপাল উপজেলার ফয়লা বাজারের রফিক শেখের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮), সোনাতুনিয়া গ্রামের ইনসান শেখের ছেলে আজিম (৩১), পেড়িখালী গ্রামের মো. আরোজ আলীর ছেলে ইমরান (২৯) ও একই এলাকার মো. আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার (২৮) এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার করেড্ডন এলাকার নূরুল ইসলামের ছেলে নূর আলম (২৬)।
মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় মোংলা বন্দরের শিল্পাঞ্চলের বসুন্ধরা নামের একটি গ্যাস কারখানায় গ্যাস বোতলজাত (সিলিন্ডার) করছিল শ্রমিকরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৪৫ কেজি ওজনের একটি সিলিন্ডার লিকেজ হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়। এসময় কারখানার মধ্যে গ্যাস সিলিন্ডার ভর্তি করার কাজে নিয়োজিত থাকা ছয়জন শ্রমিক গ্যাসের আগুনে দগ্ধ হয়। বিস্ফোরিত গ্যাসের আগুনে দগ্ধ শ্রমিকদের আত্মচিৎকারে অপর পাশে থাকা কারখানার কয়েকজন কর্মকর্তা ও শ্রমিকরা দগ্ধ অবস্থায় দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
